রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
সোনাইমুড়ীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ এবং রাজধানীতে ২য় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনাইমুড়ী তামিরুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে বাইপাস সড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী তা'মিরুল উম্মাহ মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, পরিচালক মাসুদ আলম, সহকারী মুহতামিম জাকারিয়া শিহাব।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। বিচারহীনতার এই সংস্কৃতির কারণে প্রতিনিয়ত একের পর এক নৃশংস ঘটনা ঘটছে।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন এসব ঘটনায় আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সত্ত্বেও মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এক্ষেত্রে আসামিরা জামিন নিয়ে বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভিকটিমের পরিবারকে হুমকি দিচ্ছে এতে করে অপরাধপ্রবণতা সমাজে বেড়েই চলেছে। এ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাড়িয়েছে। অনতিবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি এর বিচার না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আপনার মতামত জানান দৈনিক আপনার খবর