ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক আপনার খবর
Country Ads 1
Country Ads 2

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ -রাজশাহী ইউএনওর অপসারণ দাবি

স্থানীয় প্রতিনিধি -  সোমবার (১০ আগস্ট) বিকেলে তানোর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। এর আগে রোববার (৯ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর জন্য পুরো উপজেলায় ৯৬ জন তথ্যসংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজার নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। প্রতিবাদ সমাবেশে তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন বলেন, ‌‘নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের প্রভাবে ও সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’ উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক বলেন, ‘প্রশাসনিক দায়িত্বে থেকে দলীয় পক্ষপাতিত্ব বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ তানোর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা কিছুদিন আগে ইউএনওর সঙ্গে দেখা করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রকাশিত তালিকায় অযোগ্য ব্যক্তি ও ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ তালিকা বাতিল না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন, তানোর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল আহমেদ, সদস্যসচিব এএসএম কিবরিয়া (প্রিন্স), কামারগাঁ ইউনিয়ন যুবদলের ওয়ার্ড সম্পাদক শাহাদাৎ হোসেন সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তবে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘কারও নিয়োগে কোনো অসংগতি পাওয়া গেলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থী নেওয়া হবে।’

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ -রাজশাহী ইউএনওর অপসারণ দাবি
Country Ads 3
Country Ads 8